প্রচ্ছদ > খেলা > ফুটবল

জন্মদিনের আগেই চলে গেলেন শাপুর জাদরান

article-img

দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন শাপুর জাদরান। চিকিৎসা নিচ্ছিলেন দিল্লির একটি হাসপাতালে। অবশেষে আজ আফগানিস্তানের সাবেক পেসার চলে গেলেন না ফেরার দেশে। একদিন পরই ছিল তার ৩৯তম জন্মদিন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এক বিবৃতিতে এসিবি জানায়, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পথিকৃৎ পেসার ছিলেন জাদরান। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আফগানিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক—উভয় সংস্করণেই প্রতিনিধিত্ব করেছেন এবং গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন।

জাদরান ছিলেন সেই প্রজন্মের সদস্য, যাদের হাত ধরে আফগানিস্তান প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে প্রতিযোগিতামূলক দলে পরিণত করার পথচলায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।